আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): প্রত্যেক মানুষ যখন উন্নতি সাধন করে, উচ্চ ও মর্যাদাপূর্ণ অবস্থানে উপনীত হয় এবং উন্নতির শিখরে আরোহণ করে, অথবা অবনতি ও অধঃপতনের মাধ্যমে নিকৃষ্ট ও ঘৃণ্য অবস্থানে পতিত হয়—নিঃসন্দেহে তা তার নিজের কর্মেরই ফল এবং তার কৃতকর্মেরই প্রতিফলন।
মানুষ সৎ ও কল্যাণকর কাজের মাধ্যমে মহৎ গুণাবলির অধিকারী হতে পারে, মহান আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে এবং পবিত্র হৃদয়ের অধিকারী ব্যক্তিদের ভালোবাসা লাভ করতে পারে। পক্ষান্তরে, অসৎ ও নিন্দনীয় কাজে লিপ্ত হয়ে নীচ ও হীন চরিত্রের অধিকারী হতে পারে এবং শয়তান ও তার অনুসারীদের সন্তুষ্ট করতে পারে।
অবশ্য জিন সম্প্রদায়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কারণ, তারাও আল্লাহর বিধিবিধানের অধীন এবং তাদেরও নিজ নিজ কর্মের জন্য জবাবদিহি করতে হবে ও তারাও ধর্মীয় বাধ্যবাধকতার অধীন।
মহান আল্লাহ সকলকে এই উপদেশ ও সতর্কবাণী স্মরণ করেছেন—
وَلِكُلٍّ دَرَجَاتٌ مِمَّا عَمِلُوا وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ
অর্থ: আর প্রত্যেকের জন্যই তাদের কৃতকর্ম অনুযায়ী মর্যাদার স্তর রয়েছে। আর আপনার প্রতিপালক তাদের কৃতকর্ম সম্পর্কে মোটেও উদাসীন নন।
সূরা আল-আনআম, আয়াত ১৩২
হামিদরেযা রেযায়ী ওরগানী
পবিত্র কোম, ইরান।
Your Comment